আবুল কাশেম, রামু;
রামুর চাকমারকুল ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। শনিবার (২৩ মে) সকাল ১০টায় তিনি চাকমারকুল ইউনিয়নের জারাইলতলী, শ্রীমুরা, নয়াপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
এলাকার গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে তিনি নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আশ্বাস দেন। চাকমারকুলের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি চাকমারকুল-জোয়ারিয়ানালা সংযোগ স্থাপনে ফাঁড়িখালের ওপর সেতু নির্মাণ, চাকমারকুল থেকে আশকরখিল সড়কের খালের ওপর সেতু নির্মাণের বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়াও নয়াপাড়া সড়ক নির্মাণ, শ্রীমুরা এলাকায় কালভার্ট স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন চাকমারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল কাদের, জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির, চাকমারকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব ছোটন, রামু উপজেলা ওলামা দলের সভাপতি মৌলভী মো. ইলিয়াছ, চাকমারকুল ইউনিয়ন যুবদলের সভাপতি ছোটনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
