নাছির উদ্দিন সোহেল, মহেশখালী;

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার এলাকায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৩ মে ২০২৬) বিকেল ৪টায় পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ৩টি ফার্মেসিকে সর্বমোট ৮৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তর, কক্সবাজারের জেলা কর্মকর্তা কাজী মোহাম্মদ ফরহাদ।

অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ সংরক্ষণ এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারায় ৩টি ফার্মেসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মহেশখালী উপজেলায় ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

স্থানীয় সচেতন ব্যক্তিরা বলেন, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ বিক্রি মানুষের জীবনের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযানকে তারা স্বাগত জানিয়ে বলেন, জনস্বার্থে এসব অভিযান আরও নিয়মিত ও কঠোরভাবে পরিচালনা করা প্রয়োজন, যাতে অসাধু ব্যবসায়ীরা ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকে।