এম. মনছুর আলম, চকরিয়া;

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত ছেলের এলোপাতাড়ি দা’র কোপে খলিলুর রহমান সওদাগর (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলে মিনারুল ইসলাম রাসেলকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৌলভীরকুম এলাকার নিজপানখালীতে এ ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান সওদাগর ওই এলাকার মৃত আবদু ছমদের ছেলে।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে মিনারুল ইসলাম রাসেলের বিয়ে হয়েছিল। পরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই ঝগড়ায় জড়িয়ে পড়তেন। মাদকাসক্তির কারণেও পরিবার অতিষ্ঠ ছিল বলে অভিযোগ রয়েছে।

পরিবারের সদস্যদের নির্যাতনের অভিযোগে খলিলুর রহমান থানায় অভিযোগ দায়ের করলে, সেই মামলায় মিনার কয়েক মাস কারাভোগ করেন। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফেরেন তিনি।

শুক্রবার জুমার নামাজ শেষে বাড়িতে ফেরার পথে বাবার ওপর হামলা চালান মিনার। এ সময় ধারালো দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে খলিলুর রহমানকে গুরুতর আহত করেন। হামলায় তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

ঘটনার পর মিনার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে একটি কমিউনিটি সেন্টারে আটক রাখে। পরে খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে থানায় নিয়ে যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, বাবাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে মিনারুল ইসলাম রাসেলকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।