এম. মনছুর আলম, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় ইজিবাইক (টমটম) গাড়ির ব্যাটারির চার্জের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ হানিফ (২৫) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৭টার দিকে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুমিরখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হানিফ ওই এলাকার মরহুম বাদশা সওদাগরের ছেলে। কোনাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শেকাব উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হানিফ তার টমটম (ইজিবাইক) গাড়ির ব্যাটারির চার্জের লাইন খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টমটম চালকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”
