এম. মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় অজ্ঞাতপরিচয় এক শুটকি বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র তাপপ্রবাহজনিত কারণে তিনি অসুস্থ হয়ে মারা যেতে পারেন।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমানপাড়া এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চকরিয়া পৌরসভার লক্ষ্যারচর আমানপাড়া এলাকায় চলাচলের রাস্তার পাশে প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে শুটকি মাছের ঝুড়িসহ মাটিতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “প্রচণ্ড তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকজনিত কারণে লোকটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।”