এম.মনছুর আলম,চকরিয়া :
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় ট্রাকের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নুর হোসেন মনু (৩৩) নামে এক ইয়াবা পাচারকারী প্রাণ ঝরলো মহাসড়কে। এসময় ৩০ হাজার ৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জালাল আহমদ নামে এক মোটরসাইকেল আরোহী (ইয়াবা পাচারকারী) পালিয়ে যান।
বৃহস্পতিবার (২১ মে) বেলা ৩টার দিকে কক্সবাজার মহাসড়কের মেধাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত নুর হোসেন মনু কক্সবাজার কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলাম ছেলে।
মহাসড়কের মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন। এসময় মোটরসাইকেল আরোহীরা চেকপোস্ট দেখে দ্রুত পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় দুই মোটর সাইকেল আরোহী আহত হন। তৎমধ্যে একজন পালিয়ে যায়। মূলত তারা কক্সবাজার থেকে মোটরসাইকেল যোগে ইয়াবা পাচার করছিল। দুর্ঘটনার পর সড়কের দু’পাশে ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ ইয়াবা। তবে আহতদের উদ্ধারে এগিয়ে না এসে অনেকেই ব্যস্ত হয়ে পড়েন ইয়াবা ট্যাবলেট কুড়াতে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার মহাসড়কের মেধাকচ্ছপিয়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
সড়কের দু’পাশে উৎসুক মানুষের ভিড়। দুর্ঘটনার কিছুক্ষণ পরই রাস্তার ওপর ছড়িয়ে পড়ে ইয়াবা। এতে ঘটনাস্থলে যাওয়া লোকজন অনেকে ইয়াবা কুড়াতেই ব্যস্ত হয়ে পড়েন। পরে ঘটনাস্থলে মালুমঘাট হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে কুড়িয়ে পাওয়া ইয়াবাগুলো জব্দ করে। তবে, অনেকেই ইয়াবা নিয়ে ঘটনাস্থল থেকে সরে পড়েন। কিন্তু জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাস্তায় পড়ে থাকে মোটরসাইকেল আরোহী নুর হোসেন মনু।
মালুমঘাট হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শক (ওসি) মাহবুবুর রহমান জানায়, কক্সবাজার মহাসড়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চলছিল। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী মোটরসাইকেল আরোহীরা চেকপোস্ট এড়িয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহত দু’জনকে উদ্ধার করে পৃথক গাড়িতে হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে আহত অপর ব্যক্তি হাসপাতালে নেওয়ার পথে গাড়িসহ পালিয়ে যান।
তিনি আরও জানান, মোটরসাইকেল নিয়ে ইয়াবা বহন করা হচ্ছিল। দুর্ঘটনাস্থল থেকে ৩০ হাজার ৫০পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আহতদের একজন হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া পালিয়ে যাওয়া আহত মোটরসাইকেল আরোহীর খোঁজে অভিযান চলছে। দুর্ঘটনার পর ট্রাক চালকও পালিয়ে গেছে।
