হ্যাপী করিম ,মহেশখালী:
কক্সবাজার জেলার মহেশখালীতে “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ-এমপি প্রধান অতিথি হিসেবে ভূমি মেলা ২০২৬ সকাল ১০ টায় শুভ উদ্বোধন করেন।

এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা হল রুমে ডিসপ্লে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এতে উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ-এমপি তিনি তাঁর বক্তব্যে বলেন “ভূমি সেবা এখন আর আগের মতো জটিল বা সময়সাপেক্ষ বিষয় নয়। বর্তমান সরকারের ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ভূমি সেবাকে সম্পূর্ণ আধুনিকায়ন করা হয়েছে। এখন ঘরে বসেই নাগরিকরা ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন। আমাদের লক্ষ্য হচ্ছে মহেশখালী উপজেলার একটি মানুষও যেন ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে কোনো প্রকার হয়রানির শিকার না হন। দালালের প্রাদুর্ভাব রুখতে এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

অনুষ্ঠানের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার তাঁর বক্তব্যে বলেন, ভূমি সেবা সপ্তাহ আয়োজনের মূল উদ্দেশ্যই হলো জনগণকে সচেতন করা এবং আমাদের সেবাসমূহ সরাসরি তাঁদের দোরগোড়ায় প্রদর্শন করা।
তিনদিনব্যাপী এই মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা পদ্ধতি সম্পর্কে জনগণকে ধারণা দেয়া হবে এবং প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। ডিজিটাল ল্যান্ড সিস্টেমের কারণে এখন জালিয়াতি বা অনিয়মের সুযোগ প্রায় শূন্যের কোঠায়। আমরা মহেশখালী উপজেলা ভূমি অফিসকে একটি জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছি। যেকোনো প্রয়োজনে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, কোনো মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হবেন না। আগামী ২১ মে পর্যন্ত চলমান এই মেলায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সাব রেজিস্ট্রার অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, মহেশখালী থানার তদন্ত ওসি প্রতুল কুমার শীল, উপজেলা ভূমি সার্ভেয়ার (ভারপ্রাপ্ত কানুনগো) মোহাম্মদ নোমান হোসেন, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত তহশীলদার) অফিসার জগন্নাথ চন্দ্র দে, মহেশাখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল বশর পারভেজ, উপজেলা যুবদল নেতা মোক্তার, সদস্য সচিব আনোয়ার পাশা, উপজেলা ছাত্র দলের আহবায়ক তারেক রহমান জুয়েল প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিত সেবাগ্রহীতাদের মাঝে বিভিন্ন ই-সেবা বিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং মেলায় স্থাপিত বুথ থেকে তাৎক্ষণিক ভূমি সেবা প্রদান করা হয়।