এম. মনছুর আলম, চকরিয়া;

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে প্রতি বছর চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে ভয়াবহ ভাঙন দেখা দেয়। পাহাড়ি ঢলের প্রবল পানির চাপে মাতামুহুরী নদীর বিএমচর ইউনিয়নের বেতুয়া বাজার পয়েন্ট, কুরিল্যারকুম, কন্যারকুম, কোনাখালী ইউনিয়ন পরিষদ পয়েন্ট, সিকদারপাড়া রাস্তার মাথা পয়েন্ট এবং কাইদ্যারদিয়াসহ একাধিক এলাকা অধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে মসজিদ, মানুষের বসতবাড়ি, বেড়িবাঁধ এবং চলাচলের সড়ক নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ অবস্থায় মাতামুহুরী নদীর ভাঙন থেকে বিএমচর ও কোনাখালী ইউনিয়নকে রক্ষার জন্য টেকসই বেড়িবাঁধ ও সিসি ব্লক স্থাপনের দাবিতে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপির কাছে লিখিত আবেদন করেন মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ এবং কোনাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. ইউনুছ।

জনগুরুত্বপূর্ণ ওই দুটি আবেদনের প্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় মাতামুহুরী নদীর ভাঙন থেকে নবগঠিত মাতামুহুরী উপজেলার বিএমচর ও কোনাখালী ইউনিয়নকে রক্ষার লক্ষ্যে টেকসই বেড়িবাঁধ ও সিসি ব্লক স্থাপনের প্রকল্প প্রণয়ন এবং ঝুঁকিপূর্ণ ভাঙন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম পান্না এবং তার কার্যালয়ের একটি প্রতিনিধি দল।

পরিদর্শনকালে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে উপস্থিত ছিলেন মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, বিএমচর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার রোকন উদ্দিন, সাধারণ সম্পাদক মাস্টার ইব্রাহিম খলিল, বিএমচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. ইসমাইল মানিক, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, কোনাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম ও সদস্য সচিব মো. ইউনুছসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।

নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম পান্না বলেন, “খুব দ্রুত সময়ের মধ্যে প্রকল্প প্রণয়ন করে কাজ বাস্তবায়নের জন্য পানি সম্পদ মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে। যাতে বর্ষার পাহাড়ি ঢলের ভাঙনের কবল থেকে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করা যায়।”