এম. মনছুর আলম, চকরিয়া :

চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সাইবার স্পেসে জুয়া ও সাজা পরোয়ানাভুক্তসহ ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারের পুলিশ সুপারের নির্দেশক্রমে জেলায় বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়। এরই প্রেক্ষিতে গত ২৪ ঘণ্টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নির্দেশনায় থানার অপারেশন অফিসার এসআই শাহেদ উল্লাহর নেতৃত্বে বিভিন্ন অফিসার ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের কয়েকটি টিম পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে সাইবার স্পেসে জুয়া সংক্রান্ত মামলায় ১ জন, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ১ জন এবং অন্যান্য পরোয়ানাভুক্ত ৩ জনসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— উপজেলার ফাঁসিয়াখালী দক্ষিণ ছড়ারকুল এলাকার কবির আহমদের ছেলে রায়হান উদ্দিন (২৬), খুটাখালী মধ্যম মেদাকচ্ছপিয়া গ্রামের ছাবের আহমদের ছেলে আজাদ হোসেন শান্ত (২৫), খুটাখালী ইউনিয়নের বাঁশকাটা দরগাপাড়া এলাকার মৃত গোলাম সোবহান প্রকাশ বান্ডুর ছেলে আব্দুস সালাম (৪৮), পালাকাটা খোন্দকারপাড়ার কবির আহমদ প্রকাশ কবিরের ছেলে মিজানুর রহমান প্রকাশ বিচ্ছু মিজান এবং বাজারপাড়ার মৃত মো. ফালুর ছেলে মো. বাবু।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “পুলিশ সুপারের নির্দেশনায় চকরিয়া থানায় নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে সাইবার স্পেসে জুয়া, সাজা ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামিদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।”

তিনি আরও জানান, থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে। পাশাপাশি সাইবার স্পেসে জুয়া আইনে অভিযান অব্যাহত রয়েছে এবং অনলাইনভিত্তিক জুয়া ও সাইবার অপরাধ দমনে চকরিয়া থানা পুলিশের অভিযান চলমান থাকবে। এছাড়া মাদকবিরোধী অভিযানও অব্যাহত থাকবে বলে জানান তিনি।