নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে চোরা বালিতে আটকে আদর দাশ (১৩) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আদর দাশ চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খোদারকুম হিন্দুপাড়া এলাকার প্রদীপ দাশের ছেলে এবং চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৭ম শ্রেণির ছাত্র।
সোমবার (১৮ মে) দুপুরে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাঁশঘাটা পয়েন্ট সংলগ্ন মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পাড়ার বন্ধুদের সঙ্গে মাতামুহুরী নদীর বাঁশঘাটা পয়েন্টে গোসল করতে নামে আদর দাশ। গোসলের একপর্যায়ে নদীর মধ্যে চোরা বালিতে আটকে গিয়ে সে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবারে শোকের মাতম চলছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। ঘটনাটি খুবই মর্মান্তিক। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।”
এদিকে, চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৭ম শ্রেণির শিক্ষার্থী আদর দাশের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখের। তিনি শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানান।
