নাছির উদ্দিন সোহেল, মহেশখালী :
কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উদ্যোগে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) সকাল ১০টায় আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর ছিদ্দিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির মহেশখালী উপজেলা শাখার সভাপতি ও মুন্সিরডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাঈদ আল করিম।
সভায় উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত সুযোগ-সুবিধা, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, শিক্ষকদের প্রধান দায়িত্ব হলো শিক্ষাদানে মনোযোগী হওয়া। দায়িত্ব পালনে অবহেলা অনৈতিকতার শামিল। রাজনীতি করা সবার অধিকার থাকলেও সরকারি শিক্ষক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো নীতিমালার পরিপন্থী। তিনি শিক্ষকদের নীতি, আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিক্ষকের চেয়ারে বসে রাজনীতিতে জড়িয়ে পড়লে সরকার তা বরদাস্ত করবে না। একই সঙ্গে মহেশখালীকে বিশ্বের দরবারে একটি মেধাবী জনগোষ্ঠী হিসেবে তুলে ধরতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে আবু বকর ছিদ্দিক বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে। এ দায়িত্ব শিক্ষকদেরই নিতে হবে। তিনি প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী নিয়োগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
এ সময় মুন্সিরডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাঈদ আল করিম প্রাথমিক শিক্ষার নানা সমস্যা, সীমাবদ্ধতা, উত্তরণের উপায় এবং শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া প্রধান অতিথির সামনে তুলে ধরেন।
সভায় উপস্থিত শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন সংসদ সদস্য এবং সেগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
সমাপনী বক্তব্যে সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওমর ফারুক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
মহেশখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
