আবুল কাশেম, রামু;
কক্সবাজারের রামুতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ এক অবৈধ অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই আব্দুল খালেক, এএসআই মুহাম্মদ জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোদালিয়াকাটা এলাকায় মো. হাসান ওরফে বাটু মিয়ার বসতঘর থেকে মো. তারেক (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার দেখানো ও শনাক্ত মতে শয়নকক্ষের খাটের নিচ থেকে একটি দেশীয় তৈরি এলজি (আগ্নেয়াস্ত্র) এবং দুটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত রবিবার (১৭ মে) রাত ৩টা ৩০ মিনিটে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি মো. তারেক রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করলিয়ামুড়া (সোলেমানের পাড়া) ৯ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, অভিযানকালে একটি দেশীয় তৈরি এলজি এবং দুটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে ডিএমপির ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
