এম. মনছুর আলম, চকরিয়া;
কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশনায় চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকা থেকে মাদক, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দিবাগত রাত থেকে ভোর ৫টা পর্যন্ত থানা পুলিশের কয়েকটি টিম উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলায় বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নির্দেশনায় এবং থানার অপারেশন অফিসার (এসআই) শাহেদ উল্লাহর নেতৃত্বে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন পুলিশ কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স নিয়ে থানার আওতাধীন বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধের ঘটনায় জড়িত, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১০ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— উখিয়ার কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের ছদরুল আমিনের ছেলে হারুন আমিন (২১), তার বোন কাউসার বিবি (১৯), টেংখালী পণ্ডিতপাড়ার মৃত আশরফ মিয়ার স্ত্রী নাছিমা খাতুন (৬০), হারবাং জমিদারপাড়ার মৃত শফিউল ইসলামের ছেলে মো. মমতাজুল ইসলাম (৪২), পালাকাটার মৃত ঠান্ডা মিয়ার ছেলে জাফর আলম (৩৫), বদরখালী তেচ্ছাপাড়ার মৃত এজাহার আহমদের ছেলে সিরাজুল হক (৪৪), উত্তর লক্ষ্যারচর ছিকলঘাট এলাকার ফকির মোহাম্মদের ছেলে বশির আহমদ (৫২), চিরিংগা পূর্ব পালাকাটা এলাকার ফরিদুল আলমের ছেলে জাহেদুল ইসলাম বাপ্পী (২৪), চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকার বদর আহাম্মদ ওরফে বদরুদ্দৌজার ছেলে আবুল কাশেম (৫৫) এবং চিরিংগা বুড়িপুকুর এলাকার ফজল করিমের ছেলে আবুল কাশেম (৩৩)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধচক্র, মাদক কারবারি, ডাকাত দলের সদস্য, পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিসহ নিয়মিত মামলার ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামিদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরও জানান, বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে। এলাকায় ডাকাতি প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চকরিয়া থানা পুলিশের মাদকবিরোধী ও ডাকাতবিরোধী অভিযান চলমান থাকবে।
