এম. মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজার জেলায় নবগঠিত মাতামুহুরী উপজেলা ঘোষণায় সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে প্রেস কনফারেন্স ও আনন্দ মিছিল করেছে মাতামুহুরী উপজেলা বিএনপি।

শনিবার বিকেল ৫টায় মাতামুহুরী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় বদরখালীতে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রেস কনফারেন্সে উপজেলার বিভিন্ন দাপ্তরিক ও প্রশাসনিক ভবন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মাতামুহুরী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউসুফ বদরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু, যুগ্ম সম্পাদক আনোয়ারুল আরিফ দুলাল, নুরুল আলম জিকু, মো. আজম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, সোয়াইবুল ইসলাম সবুজ, বদরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আহসানুল কাদের সাব্বির, সাধারণ সম্পাদক আলী মোহাম্মদ কাজল, বিএমচর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার রোকন উদ্দিন, সাধারণ সম্পাদক মাস্টার ইব্রাহিম খলিল, কোনাখালী বিএনপির আহ্বায়ক আবুল কালাম, সদস্য সচিব মো. ইউনুছ, পশ্চিম বড় ভেওলা বিএনপির সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাহারবিল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম এবং ডেমুশিয়া বিএনপির সাধারণ সম্পাদক ছাবের আহমদ।

প্রেস কনফারেন্সে জামিল ইব্রাহিম চৌধুরী বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাত ইউনিয়নের মানুষের সবচেয়ে প্রাণের দাবি ছিল মাতামুহুরী উপজেলা বাস্তবায়ন। বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন মাসের মধ্যেই কক্সবাজার-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের আন্তরিক প্রচেষ্টায় মাতামুহুরী উপজেলা পূর্ণাঙ্গ বাস্তবায়নের পথে এগিয়েছে। নিকার বৈঠকে অনুমোদনের মাধ্যমে গত ৭ মে আনুষ্ঠানিকভাবে মাতামুহুরী উপজেলা স্বীকৃতি পেয়েছে। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি মাতামুহুরী উপজেলার জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করছে।”

তিনি আরও বলেন, “মাতামুহুরী উপজেলা হবে জেলার সবচেয়ে আধুনিক মডেল উপজেলা। নতুন উপজেলা অনুমোদনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এর ফলে প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে এবং এলাকার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে। নতুন উপজেলার প্রশাসনিক ভবন ও বিভিন্ন দপ্তর কোথায় স্থাপন করা হবে, তা স্বরাষ্ট্রমন্ত্রী নির্ধারণ করবেন।”

তিনি দলের নেতাকর্মীদের মানুষের সমস্যা ও উন্নয়ন বঞ্চনার বিষয়গুলো গুরুত্বসহকারে দেখার আহ্বান জানান এবং এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন মাতামুহুরী উপজেলা যুবদলের সভাপতি সিকদার আতিক উল্লাহ ছিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি আরিফ মো. অলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আসিফ নেওয়াজ, শ্রমিকদলের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মাস্টার নুরুল আমিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জমির উদ্দিন, কৃষকদলের আহ্বায়ক বেলাল উদ্দিন, জায়েদুল ইসলাম জায়েদ, মাতামুহুরী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন লিটন, সদস্য সচিব আবু হানিফ নোমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রেস কনফারেন্স শেষে মাতামুহুরী বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে জামিল ইব্রাহিম চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বদরখালী ফেরিঘাটস্থ পিউরিয়া শো-রুমের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী। পরে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমেদসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার জেলা জমিয়তে উলামায়ে পরিষদের আহ্বায়ক মাওলানা শামসুদ্দিন।