পেকুয়া প্রতিনিধি;
পেকুয়া উপজেলার পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নে প্রায় ৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
হেল্প প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন এসব কাজের মোট ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৯৯ লাখ ৬৬ হাজার ৫৩১ টাকা।
পেকুয়া এলজিইডি অফিস সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় মুরারপাড়া-মাতামুহুরী রিভার রোড, পেকুয়া-মগনামা এমব্যাংকমেন্ট সড়ক, মাতবরপাড়া-সুতা বাপারী পাড়া সড়ক, শওদাগরঘাট-রূপালী বাজার সংযোগ সড়ক এবং পেকুয়া আরএইচডি-পাবটি সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী দ্রুত ই-জিপি পদ্ধতিতে টেন্ডার আহ্বান এবং স্বচ্ছতার সঙ্গে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে।
স্থানীয়রা জানান, মুরারপাড়া-মাতামুহুরী রিভার সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে শওদাগরঘাট-রূপালী বাজার সড়কের অবস্থাও অত্যন্ত নাজুক। বৃষ্টি হলে সড়কটিতে স্বাভাবিক চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
একইভাবে বাকি তিনটি সড়কেরও বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে সংস্কার ও উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। এ প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সুপারিশে এলজিইডি দ্রুত উন্নয়ন কাজ বাস্তবায়নে তৎপরতা চালাচ্ছে।
