এম. মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ডাকাতির প্রস্তুতি মামলার আসামি ও পরোয়ানাভুক্তসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত থেকে ভোর ৫টা পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনায় এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে গত ২৪ ঘণ্টায় ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। থানার অপারেশন অফিসার (এসআই) মো. শাহেদ উল্লাহর নেতৃত্বে বিভিন্ন অফিসার ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি টিম থানার আওতাধীন বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতি মামলার ৪ জন এবং পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— বদরখালী মগনামাপাড়া গ্রামের শাহ আলমের ছেলে জুনায়েদ (২০), বদরখালী দাতিনাখালীপাড়ার আবু তালেবের ছেলে ইফতেখার আজমল (২৪), একই গ্রামের মোস্তাক আহমদের ছেলে মো. আয়াত (২১), পূর্ব বড় ভেওলার নয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৬), উত্তর লক্ষ্যারচর ছিকলঘাট এলাকার আবুল কালামের ছেলে মো. আকাশ (২৩) এবং চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকার আক্তার হোছন বদার ছেলে জাফর আলম (৩১)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত আসামি গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাত থেকে ভোর ৫টা পর্যন্ত পুলিশের কয়েকটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতি মামলার আসামি ও পরোয়ানাভুক্তসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, চকরিয়া থানার আওতাধীন এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, ডেভিল হান্ট চক্র, পরোয়ানাভুক্ত আসামি, মাদক কারবারি, চোর-ডাকাত, নিয়মিত মামলার আসামি, মৎস্যঘের ও ঘোনা দখলকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা, অপরাধ দমন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।