এম. মনছুর আলম, চকরিয়া;

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দিদারুল হক সিকদার বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তার মায়ের জানাজা ও দাফনে অংশ নেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় তাকে নিজ বাড়িতে আনা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হন কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার। তিনি মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের একজন নেতা। এরপর থেকে তিনি কক্সবাজার জেলা কারাগারে বন্দি রয়েছেন।

ওসি আরও জানান, চেয়ারম্যান দিদারের মায়ের মৃত্যু হওয়ায় পরিবারের সদস্যরা মায়ের জানাজায় অংশগ্রহণের জন্য বুধবার বিকেলে কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট মানবিক বিবেচনায় তাকে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন। মায়ের জানাজা ও দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই চেয়ারম্যান দিদারকে কারাগারে ফেরত পাঠানো হয়।

উল্লেখ্য, নবগঠিত মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদারের মা জান্নাতুল ফেরদৌস বুধবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকার মরহুম শাহাদাত আলী সিকদারের সহধর্মিণী ছিলেন।