নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
চকরিয়ায় একটি শিশুও যাতে হামের টিকা পাওয়া থেকে বাদ না যায়, সেজন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রতিদিন বাড়ি বাড়ি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন।
সারা দেশের সঙ্গে একযোগে আগামী ২০ মে ২০২৬ পর্যন্ত ৬ মাস পূর্ণ হওয়া শিশু থেকে শুরু করে ৫ বছরের কম বয়সী (৪ বছর ১১ মাস ২৯ দিন) শিশুদের মধ্যে ক্যাম্পেইন চলাকালীন সময়ে যারা হামের টিকা থেকে বাদ পড়েছে, তাদের টিকাদান কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, “হাম একটি মারাত্মক সংক্রামক রোগ। শিশুদের হাম থেকে নিরাপদ রাখতে এবং কোনো শিশু যাতে টিকা পাওয়া থেকে বাদ না যায়, সে লক্ষ্যে হাসপাতালের স্বাস্থ্য সহকারী ও টিকাদান কর্মীরা মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “কোনো শিশু টিকা না পেয়ে থাকলে অবশ্যই তাকে চকরিয়া সরকারি হাসপাতালের পুরাতন ভবনের নিচতলায় অবস্থিত ইপিআই রুমে (সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে নিয়ে আসুন। এছাড়া ওয়ার্ড পর্যায়ে টিকা প্রদানের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী বা টিকাদান কর্মীর সঙ্গেও যোগাযোগ করা যাবে।”
