পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকূল এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আহত ব্যবসায়ী আবুল কালাম (৪৪) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ১২ মে দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে পশ্চিমকূল এলাকায় আবুল কালামের বসতঘরে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল ব্যক্তি ঘরে প্রবেশ করে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করে।
মামলায় অভিযুক্ত করা হয়েছে মো. আব্বাস, মো. ইলিয়াছ, মো. আবদুচ্ছাত্তার, আমির হোসেন ও আবুল হোসেনকে। এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের সবার বাড়ি মগনামা ইউনিয়নের পশ্চিমকূল এলাকায়।
মামলার অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা লোহার রড, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আবুল কালামকে গুরুতর আহত করেন। এ সময় তার স্ত্রী শাহিন সোলতানাসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয়। পাশাপাশি ঘরে থাকা নগদ প্রায় ৪৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসা শেষে ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
বাদী আবুল কালাম জানান, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “ব্যবসায়ীর বসতঘরে হামলা ও মারধরের ঘটনায় তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
