নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে টেকনাফে শীর্ষ মানবপাচারকারী হিসেবে চিহ্নিত মো. শাকের ওরফে শাকের মাঝিকে (৪০) আটক করেছে পুলিশ| তার বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা ও মানবপাচারের মামলা|

আজ (১৩ মে বুধবার) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে টেকনাফ মডেল থানার পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে আটক করে| আটককৃত শাকের মাঝি টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার বাসিন্দা এবং স্থানীয় কবির আহমেদের ছেলে|

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, আন্দামান সাগরে ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় অভিযুক্ত মানবপাচারকারীদের তালিকায় শাকের মাঝির নাম রয়েছে| অনুসন্ধানী প্রতিবেদনের পর তার বিষয়ে এলাকায় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয় এবং নজরদারি বাড়ানো হয়| এর আগে তার দুইটি নৌকা জব্দ করা হয়েছে|

তিনি আরও জানান, আটক ব্যক্তি নিজেকে ইয়াবা কারবারির সাথেও জড়িত বলে অস্বীকার করেছেন| তার বিরুদ্ধে একাধিক মাদক ও মানবপাচারের মামলা রয়েছে| বর্তমানে তাকে মানবপাচার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও যাচাই-বাছাই চলছে|