নিজস্ব প্রতিবেদক;

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-বন্দর) পরিচালিত বিশেষ অভিযানে ২৮ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়।

রোববার (১১ মে) গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন শিকলবাহা কলেজ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি (বন্দর) বিভাগের একটি বিশেষ টিম। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী।

গ্রেপ্তারকৃতরা হলেন— কক্সবাজার পৌরসভার মহাজেরপাড়া এলাকার মো. জসিম উদ্দীন (৪৮), উখিয়ার রাজাপালং ইউনিয়নের আব্দুর রহিম ওরফে টিপু (৩৪), কক্সবাজার সদর উপজেলার পূর্ব মহাজেরপাড়ার মো. সাইফুল ইসলাম (৩২) এবং রামুর খুনিয়াপালং ইউনিয়নের মোহামুদুল হক (৪৪)।

ডিবি সূত্রে জানা যায়, শিকলবাহা কলেজ বাজার এলাকায় আরিফ উল্লাহ শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে মেসার্স শোভা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে সন্দেহভাজন একটি সাদা রঙের পুরোনো নোহা মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি মো. জসিম উদ্দীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে। এছাড়া আব্দুর রহিম ওরফে টিপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরও একটি মামলাসহ মোট দুটি মামলা রয়েছে।