সিবিএন ডেস্ক ;
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে হাসমত উল্লাহ (২২) নামে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। বর্তমানে তিনি উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের বি-৪৩ ব্লকে এ ঘটনা ঘটে। আহত হাসমত উল্লাহ ওই ব্লকের মৃত মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাম্প-৮ ইস্ট এলাকায় এআরএ প্রধান নবী হোসেনের ভাই ভুলুর বসতঘরের সামনে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় হাসমত উল্লাহ গুলিবিদ্ধ হন।
পরে ৮ এপিবিএনের পানবাজার পুলিশ ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয় রোহিঙ্গা ও পুলিশ সদস্যরা আহত হাসমত উল্লাহকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়। তার ডান হাতে দুটি গুলি লেগেছে বলে জানা গেছে।
ঘটনার পর ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
