সিবিএন ডেস্ক;
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিযোগে ইয়াবা পাচারকালে ৩ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি।
আটককৃত আসামি হলেন— টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরাতন পল্লানপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো. সাইদ আলম (১৯)।
মঙ্গলবার (১২ মে) উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেলের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা এবং বিজিবির নারকোটিক্স ডগ ‘হেনরি’র সহায়তায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। তল্লাশিকালে সিএনজির ব্যাটারির নিচের অংশে অভিনব কায়দায় কালো কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারের কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাইদ আলম জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত সিএনজি এবং আটক আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
