এম. মনছুর আলম, চকরিয়া;

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২৫৬ লিটার মদ, ১৫ পিস ইয়াবাসহ দুই জন এবং পরোয়ানাভুক্ত ৫ জনসহ মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারের পুলিশ সুপারের নির্দেশক্রমে জেলায় বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে চকরিয়া থানা এলাকাতেও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গত ২৪ ঘণ্টায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নির্দেশনায় থানার অপারেশন অফিসার এসআই শাহেদ উল্লাহর নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান চালায়।

অভিযানে ২৫৬ লিটার মদ ও ১৫ পিস ইয়াবাসহ ২ জন, পরোয়ানাভুক্ত ৫ জন এবং বিভিন্ন অপরাধচক্র, ভবঘুরে ও বখাটেসহ মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— দক্ষিণ মানিকপুর এলাকার ওমেন্দ বড়ুয়ার ছেলে লিটন বড়ুয়া (৩৮), ডুলাহাজারা ষোলহিচ্ছা এলাকার মৃত মো. আলমের ছেলে নাছির উদ্দিন, চিতারপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মো. শহিদুল ইসলাম (২৪), ডুমখালী এলাকার মৃত আমি হোসাইন টুনু মিয়ার ছেলে আবুল কালাম, পৌরসভার কোচপাড়ার মো. জাকরিয়ার ছেলে মো. মুবিনুল ইসলাম, জমিদারপাড়ার মো. জাকরিয়ার ছেলে মো. আমিন পুতালা, নয়াপাড়া এলাকার হেদায়েত আলীর ছেলে আব্দুল খালেক এবং উত্তর লক্ষ্যারচরের নুরুল কবিরের ছেলে মো. সাদ্দাম।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “থানা পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ২৫৬ লিটার মদ ও ১৫ পিস ইয়াবাসহ ২ জন, পরোয়ানাভুক্ত ৫ জন এবং বিভিন্ন অপরাধচক্র, ভবঘুরে ও বখাটেসহ মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে।”

তিনি আরও বলেন, “চকরিয়া থানার আওতাধীন এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলা ও সাজাপ্রাপ্ত আসামি, মৎস্যঘের ও চিংড়িঘের দখলকারী, ভবঘুরে ও ভাসমান বখাটেসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকবিরোধী অভিযানও চলমান থাকবে।”