পেকুয়া প্রতিনিধি;

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বৃদ্ধির প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হচ্ছে।

মঙ্গলবার (১২ মে) অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত সম্মতি জ্ঞাপন করে। অনুমোদনের আওতায় বর্ধিত শয্যায় চিকিৎসাসেবা কার্যক্রম চালুর বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যায় চিকিৎসাসেবা পরিচালিত হতো। দীর্ঘদিন ধরে জনসংখ্যা বৃদ্ধি ও রোগীর চাপ বাড়লেও শয্যা সংখ্যা সীমিত থাকায় চিকিৎসাসেবায় নানা ভোগান্তি পোহাতে হতো সাধারণ মানুষকে। নতুন এই অনুমোদনের ফলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে আশা করছেন এলাকাবাসী।

সংশ্লিষ্টরা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণের পর চকরিয়া-পেকুয়ায় উন্নয়নের ধারাবাহিকতায় একের পর এক প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন হচ্ছে। স্বাস্থ্য খাতেও এই বড় অর্জনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয়রা।

এ বিষয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জয়নুল আবেদীন এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা বলেন, শয্যা সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ ও কার্যকর হবে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বর্ধিত পরিসরে সেবা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।