সিবিএন ডেস্ক:
কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সিটি কলেজে এইচএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের অংশগ্রহণ, প্রস্তুতি ও সার্বিক অগ্রগতি নিয়ে এক গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে পরীক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি, মডেল টেস্ট, বোর্ড পরীক্ষার প্রস্তুতি, শৃঙ্খলা ও অভিভাবকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক এস. এম. সানাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস. এম. আকতার উদ্দিন চৌধুরী।
অভিভাবক সমাবেশের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন অধ্যাপক শাহানুর আকতার।
অনুষ্ঠানের শুরুতে কলেজের সার্বিক ফলাফল, শিক্ষার্থীদের অগ্রগতি ও পরীক্ষার প্রস্তুতি বিষয়ে তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী অধ্যাপক দিদারুল ইসলাম।
সমাবেশে বক্তব্য রাখেন,কলেজ পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি ও সহযোগী অধ্যাপক জুলফিকার আলী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।
বিষয় ভিত্তিক জ্ঞানমূলক ও পরীক্ষাসহায়ক বক্তব্য রাখেন, বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সহযোগী অধ্যাপক জেবুননেছা, মানবিক বিভাগের পক্ষ থেকে সহযোগী অধ্যাপক হাশেমুদ্দীন ও সহযোগী অধ্যাপক নুরুল ইসলাম। এছাড়া অভিভাবকদের পক্ষ থেকে কয়েকজন অভিভাবক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন পরীক্ষার্থী তাদের মতামত ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. আকতার উদ্দিন চৌধুরী বলেন, “এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক—এই তিন পক্ষের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে নিয়মিত ক্লাস, মডেল টেস্ট, বিশেষ পরামর্শ এবং নিবিড় তদারকির ব্যবস্থা করেছে। অভিভাবকদের সক্রিয় সহযোগিতা ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় আমরা এবারও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করতে সক্ষম হব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

কলেজ পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি ও সহযোগী অধ্যাপক জুলফিকার আলী বলেন, “একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে পরিবার, শিক্ষক এবং প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অপরিসীম। অভিভাবকরা যদি নিয়মিতভাবে সন্তানদের পড়াশোনা, সময় ব্যবস্থাপনা ও নৈতিক আচরণের প্রতি নজর রাখেন, তবে শিক্ষার্থীরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। কক্সবাজার সিটি কলেজে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করতে শিক্ষকবৃন্দ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।”
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, “শিক্ষার্থীদের সফলতার পেছনে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু কলেজে পাঠালেই দায়িত্ব শেষ হয়ে যায় না; তাদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা, নিয়মিত খোঁজখবর নেওয়া এবং ইতিবাচক মানসিক সমর্থন প্রদান করা জরুরি। শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের প্রস্তুত করতে নিরলসভাবে কাজ করছেন। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় এইচএসসি-২০২৬ ব্যাচ অসাধারণ ফলাফল অর্জন করবে এবং কলেজের সুনাম আরও বৃদ্ধি করবে।”
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক শাহানুর আকতার বলেন, “অভিভাবকদের সক্রিয় সহযোগিতা ছাড়া কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। সন্তানদের প্রতি যত্নশীল নজরদারি ও নিয়মিত অনুপ্রেরণা তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভালো ফলাফলের পথ সুগম করে।”
একজন অভিভাবক বলেন, “কলেজ কর্তৃপক্ষের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী। শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক যোগাযোগ যত বাড়বে, শিক্ষার্থীদের ফলাফল তত উন্নত হবে।”
পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিপুল সংখ্যক পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করেন সহযোগী অধ্যাপক তছলিমা রশিদ, সহকারী অধ্যাপক ফাতেমা আক্তার মিনা, সহকারী অধ্যাপক হালিমা আক্তার, প্রভাষক অঞ্জন কুমার দে এবং প্রভাষক আব্দুল্লাহ আল নোমান।
