নিজস্ব প্রতিবেদক;
‘চাল চুরি’ নিয়ে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছিলেন উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য ছৈয়দ হামজা।
তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত সেই মামলা খারিজ করে দেন।
এরপর মিথ্যা মামলায় হয়রানি ও ১০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে ছৈয়দ হামজার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী সাংবাদিক রিদুয়ানুল হক সোহাগ।
রোববার (১০ মে) উখিয়ার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক গিয়াস উদ্দিন মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।
মামলার বাদী রিদুয়ানুল হক সোহাগ জানান, “আমি ও আমার চার সহকর্মীর বিরুদ্ধে ছৈয়দ হামজা মিথ্যা মামলা করেছিলেন। মহামান্য আদালত সেই মামলা খারিজ করলেও আমরা মানহানির শিকার হয়েছি। তাই ন্যায়বিচার পেতে আদালতের শরণাপন্ন হয়েছি।”
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাছির উদ্দীন বলেন, “মহামান্য আদালত মামলাটি গ্রহণ করে দাখিলকৃত নথি বিশ্লেষণের মাধ্যমে তদন্তের আদেশ দিয়েছেন। আমরা আশা করছি, আমার মক্কেল ন্যায়বিচার পাবেন।”
এ বিষয়ে বক্তব্য জানতে ছৈয়দ হামজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
