নিজস্ব প্রতিবেদক, চকরিয়া;
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দিবাগত রাত থেকে ভোররাত পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেনের তত্ত্বাবধানে গত ২৪ ঘণ্টায় এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। থানার অপারেশন অফিসার এসআই মো. শাহেদ উল্লাহর নেতৃত্বে বিভিন্ন অফিসার ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে থানার আওতাধীন বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার ৫ জন ও পরোয়ানাভুক্ত ৪ জনসহ মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— উপজেলার ডুলাহাজারা ডুমখালী এলাকার নুরুল আজমের ছেলে মো. সেলিম (৩৮), খাতুর বাপের পাড়ার আবুল হাশেমের ছেলে মো. কাশেম (৩০), উত্তর সিকদার পাড়ার আবুল কালাম প্রকাশ টুডু মিয়ার ছেলে মো. কায়েস (৩০), ভরামুহুরী মসজিদপাড়ার মৃত হাছু মিয়ার ছেলে মো. আরফাত (২৫), চকরিয়া পৌরসভার স্টেশনপাড়ার মোহাম্মদ ইউনুছের ছেলে আনিসুল ইসলাম রামীম প্রকাশ রাব্বী (৩১), সাইনবোর্ডপাড়ার আবদুর রশিদের ছেলে নেজাম উদ্দিন (৩২), বদরখালী কুতুবদিয়াপাড়ার মৃত এলাহদাদের ছেলে আনছারুল করিম (৪৯), পৌরসভার লক্ষ্যারচর উত্তর সিকদারপাড়ার নুর আহাম্মদের স্ত্রী রশিদা বেগম (৪৫) এবং পৌরসভার কাহারিয়া ঘোনা এলাকার আব্দুল আজিজের ছেলে মো. আরফাত (২৪)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় থানার নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে রোববার দিবাগত রাত থেকে ভোররাত পর্যন্ত পুলিশের কয়েকটি টিম পৃথক অভিযান পরিচালনা করে। এতে বিভিন্ন অপরাধের অভিযোগে ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, থানার আওতাধীন এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, ডেভিল হান্ট চক্র, পরোয়ানাভুক্ত আসামি, মাদক কারবারি, চোর-ডাকাত, নিয়মিত মামলার আসামি, মৎস্যঘের ও ঘোনা দখলকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
