পেকুয়া প্রতিনিধি;

আজ ১ মে, পেকুয়ার বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষাবিদ ও সমাজপতি মরহুম মৌলভী ছাঈদুল হক (রহ.)-এর ১৮তম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের এই দিনে তিনি ৯৫ বছর বয়সে ইন্তেকাল করেন।

মরহুম মৌলভী ছাঈদুল হক ১৯১৩ সালে কক্সবাজারের পেকুয়া উপজেলার (তৎকালীন চকরিয়া উপজেলা) সদর ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৌলভী আবদুল আলী এবং মাতার নাম হাকিমন বিবি। তিনি পেকুয়ার ঐতিহ্যবাহী মৌলভী পরিবারের বংশধর ছিলেন। তিনি পেকুয়া উপজেলার প্রতিষ্ঠাতা এবং বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পিতা।

শিক্ষাজীবনে তিনি ১৯৩৫ সালে চট্টগ্রাম মিউনিসিপ্যাল হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। পরবর্তীতে ১৯৩৯ সালে উচ্চতর দ্বীনি শিক্ষা অর্জনের লক্ষ্যে ভারতে গিয়ে রামপুরের বিখ্যাত মজাহেরুল উলুম মাদ্রাসায় ভর্তি হন। সেখানে তিনি হাদিস, তাফসির ও ফিকহসহ বিভিন্ন বিষয়ে উপমহাদেশের খ্যাতিমান আলেমদের কাছে শিক্ষা গ্রহণ করেন।

দেশে ফিরে ১৯৫০ সালে তিনি পেকুয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনে শিক্ষকতা শুরু করেন। পাশাপাশি পেকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও দ্বীনিয়াত শিক্ষা দিতেন। স্নেহ, মেধা ও আদর্শিক শিক্ষাদানের কারণে তিনি সবার কাছে ‘হুজুর স্যার’ নামে পরিচিত হয়ে ওঠেন।

দীর্ঘ ২১ বছর শিক্ষকতা শেষে ১৯৭১ সালে তিনি অবসর গ্রহণ করেন। এরপর জীবনের বাকি সময় তিনি কোরআন-হাদিস চর্চা, ইবাদত-বন্দেগি ও সমাজসেবায় অতিবাহিত করেন।

২০০৮ সালের ১ মে রাত ৯টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।