মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (এডিশনাল আরআরআরসি) আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ (১৫৫৪০) কে বদলী করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নুর এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহকে ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রণালয়ের “উপকূলীয় ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের যুগ্মসচিব আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ একসময় রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ ছিলেন। পরে তিনি অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার পদে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ১জুলাই তিনি তৎকালীন সরকারের প্রভাবশালী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের একান্ত সচিব (পিএস) পদে নিয়োগ পান। পরে তিনি আবার অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার পদে নিয়োগ পেয়ে এ পদে এখনো কর্মরত আছেন। এ পদে থাকাবস্থায় তিনি যুগ্মসচিব পদে পদোন্নতি লাভ করেন। বিসিএস (প্রশাসন) ২৪তম ক্যাডারের কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহকে আগামী ৬ মে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলীকৃত নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায়, আগামী ৬ মে অপরাহ্নে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত/স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, দীর্ঘদিন একই কার্যালয়ে কর্মরত থাকা এডিশনাল আরআরআরসি আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ কে বদলী করা হলেও উপসচিবের মর্যাদাসম্পন্ন এইপদে নতুন কোন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি।