প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ফিটনেসবিহীন ও অননুমোদিত “চাঁদের গাড়ি” চলাচল বন্ধ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কক্সবাজারের জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে জাতীয় যুবশক্তি, কক্সবাজার জেলা শাখা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন রুট মেরিন ড্রাইভ সড়কে প্রতিদিন দেশ-বিদেশের বিপুল সংখ্যক পর্যটক ভ্রমণ করে থাকেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ফিটনেসবিহীন, অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ “চাঁদের গাড়ি” অবাধে চলাচল করায় দুর্ঘটনার আশঙ্কা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।
জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ বলেন, এসব যানবাহনের অধিকাংশেরই বৈধ রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশিক্ষিত চালকের অভাব রয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
স্মারকলিপির মাধ্যমে সংগঠনটি পাঁচ দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে—ফিটনেসবিহীন ও অননুমোদিত “চাঁদের গাড়ি” চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করা, বৈধ ও ফিটনেসসম্পন্ন যানবাহনের মাধ্যমে পর্যটক পরিবহন নিশ্চিত করা, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি এবং চালকদের লাইসেন্স ও প্রশিক্ষণ নিশ্চিত করা।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপে দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি, কক্সবাজার জেলা শাখার জেলা আহ্বায়ক আসিফ মোহাম্মদ বাপ্পি, সদস্য সচিব শামীম ফরহাদ, মুখ্য সংগঠক ফারুক নওশাদ, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মিনহাজ আবরার, যুগ্ম সদস্য সচিব মফিজুর রহমান, যুগ্ম সদস্য সচিব আম্মার মাহমুদ, জেলা সংগঠক সালাহ উদ্দীন নয়ন এবং শহর শাখার সদস্য সচিব শাহেদুল ইসলাম।
