সিবিএন ডেস্ক;
কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় এক পাচারকারী ইয়াবার চালান ফেলে মিয়ানমারে পালিয়ে যেতে সক্ষম হয়।
বুধবার (২৯ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সীমান্তবর্তী কাটাখাল এলাকায় অভিযান চালায়।
এ সময় ভারী বৃষ্টির মধ্যে মিয়ানমার থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ জানায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত দৌড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর খাকী রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ১০টি প্যাকেট থেকে মোট ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
