পেকুয়া প্রতিনিধি:

জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজারের পেকুয়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা আইনগত সহায়তা কমিটি ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের দোরগোড়ায় সরকারি বিনামূল্যের আইনগত সহায়তা পৌঁছে দেওয়া, বিরোধ দ্রুত নিষ্পত্তি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি, উন্নয়নকর্মী ও নাগরিক সমাজের সদস্যরা অংশ নেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমদাদুল হক শরীফ। খান ফাউন্ডেশনের “ভয়েসেস ফর চেঞ্জ” প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশীষ বসু, একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী, স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউনিয়ন প্রতিনিধি, নারী নেত্রী, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

এরপর “সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, নারী সংগঠক, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, জাতীয় আইনগত সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের লিগ্যাল এইড কমিটিগুলোকে অধিক সক্রিয় ও জনবান্ধব করতে হবে। বিশেষ করে দরিদ্র, প্রান্তিক, নারী, শিশু ও নির্যাতিত জনগোষ্ঠীর জন্য সহজলভ্য আইনি সহায়তা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে ইউনিয়নভিত্তিক সচেতনতামূলক সভা, ওয়ার্ড পর্যায়ে প্রচারণা, ধর্মীয় উপাসনালয়ে আইনি সহায়তা বিষয়ক বার্তা প্রচার, স্কুল-কলেজে সভা-সেমিনার এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা বৃদ্ধির সুপারিশ করা হয়।

সভায় আরও যে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উঠে আসে, তার মধ্যে রয়েছে—গ্রামভিত্তিক আইনি সচেতনতা সভা আয়োজন, মাইকিং, পোস্টার ও লিফলেট বিতরণ জোরদার, নারী ও শিশু সহায়তা সেল গঠন, অভিযোগ গ্রহণের জন্য নির্দিষ্ট বাক্স স্থাপন, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ, বিরোধ নিষ্পত্তিতে বিকল্প পদ্ধতির ব্যবহার উৎসাহিত করা এবং লিগ্যাল এইড সেবা সম্পর্কে সহজবোধ্য তথ্যপ্রবাহ নিশ্চিত করা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমদাদুল হক শরীফ বলেন, “সরকারের আইনগত সহায়তা কার্যক্রম সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অধিকারভিত্তিক সেবা। এই সেবাকে আরও কার্যকর করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণকে মামলা-মোকদ্দমার দীর্ঘসূত্রতা থেকে বের করে দ্রুত, সাশ্রয়ী ও ন্যায়সংগত সমাধানে লিগ্যাল এইড ব্যবস্থার ব্যবহার বাড়াতে হবে।”

তিনি আরও বলেন, পেকুয়ায় ইউনিয়ন পর্যায় পর্যন্ত আইনি সহায়তা কার্যক্রম সম্প্রসারণে প্রশাসন ইতোমধ্যে কাজ করছে এবং ভবিষ্যতেও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সেবা সম্প্রসারণ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, “ভয়েস ফর চেঞ্জ: এমপাওয়ারিং সিটিজেনস ফর ইনক্লুসিভ গভর্নেন্স, সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি” প্রকল্পটি স্থানীয় পর্যায়ে সুশাসন, সামাজিক ন্যায়বিচার, নাগরিক অংশগ্রহণ এবং সমঅধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। প্রকল্পটিতে অর্থায়ন করছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (SDC), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC) এবং ইউরোপীয় ইউনিয়ন (EU)।