এম. শহীদুল ইসলাম, কুতুবদিয়া:
কুতুবদিয়ায় জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায়সঙ্গত রূপান্তরের দাবিতে ধরা’র মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে কুতুবদিয়া উপজেলা গেইটের সামনে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন(কেডিএসএ)’র যৌথ উদ্যোগে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের আহবায়ক এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সদস্যসচিব শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক আমিনুল হক, প্রান্তিক চাষি খোরশেদ আলম, নাগরিক প্রতিনিধি মো: আমিন প্রমূখ।
এ সময বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক সংকটকালে জলবায়ু ন্যায্যতার আন্দোলন একটি বড় সুসংগঠিত আন্দোলন। যার লক্ষ্য হলো, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ গড়া এবং একটি ন্যায়সঙ্গত রূপান্তর নিশ্চিত করা। ২০২৬ সালের ২৮-২৯ এপ্রিল কলম্বিয়ার সান্তা মার্তায় একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে বের হওয়ার বিষয়টি আলোচিত হবে। বর্তমানে যুদ্ধ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত, বিশ্বজুড়ে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনে পড়ছে। এতে খাদ্যের দাম বাড়ছে, কৃষি ও শিল্প ব্যাহত হচ্ছে, শ্রমিকদের আয় হ্রাস পাচ্ছে ও পরিবারগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে। বক্তারা আরো বলেন, জীবাশ্ম জ্বালানির প্রভাবে দ্বীপ উপজেলা কুতুবদিয়ার পরিবেশ- প্রতিবেশ, প্রাণ- প্রকৃতি ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকিতে। তাই, বাংলাদেশসহ উপকূলীয় অঞ্চলগুলোকে আগামীর বাসযোগ্য করার লক্ষ্যে দ্রুত জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে ন্যাযসঙ্গত রূপান্তরের দাবি জানান।
এতে মো. আরমান কুতুবী, তাইছিরুল ইসলাম, আবদুল কাইয়ুম, মো: কালু, ইব্রাহিম, মোশাররফসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
