পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়ায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
“যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” প্রতিপাদ্যে রবিবার সকাল ১১টায় উপজেলার মগনামা সাবমেরিন নৌঘাঁটি সড়কে এ কর্মসূচির আয়োজন করে পরিবেশবিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতি এবং উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপ।
মানববন্ধনে বক্তব্য রাখেন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ পেকুয়া উপজেলা কো-অর্ডিনেটর দেলওয়ার হোসাইন, লবণ মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির সহ-আহ্বায়ক এম. আজম উদ্দিন, পেকুয়া বাজার দোকান মালিক সমিতির সহ-সভাপতি আবদুল্লাহ আল মোবাশ্বের মানিক এবং রাজাখালী ইউনিয়নের সভাপতি আবদুল হালিমসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বর্তমান জ্বালানি সংকট শুধু একটি দেশের সমস্যা নয়, বরং এটি বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে। বিশেষ করে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা বিশ্বকে ঝুঁকির মুখে ফেলছে।
তারা আরও বলেন, এ সংকট থেকে উত্তরণের জন্য নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই। টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি জনগণকেন্দ্রিক ও গণতান্ত্রিক জ্বালানি নীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
মানববন্ধনে রাজাখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, মৎস্যজীবী, শ্রমিক নেতা, পেকুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রোভার স্কাউটস সদস্যসহ স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
