মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হতে যাওয়া শামীম আরা স্বপ্না’কে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ২৬ এপ্রিল রোববার সকাল ৯ টায় সমিতি মিলনায়তনে সংবর্ধনা দেওয়া হবে। দেশের প্রথম মহিলা পিপি ও সমিতির প্রবীণ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নার সংবর্ধনা অনুষ্ঠানে সকল আইনজীবীকে উপস্থিত থাকার জন্য সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মন্নান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, শামীম আরা স্বপ্না ১৯৮৬ সালের ১৮ মার্চ বাংলাদেশ বার কাউন্সিল থেকে এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেটশীপ অর্জন করে একজন নবীন আইনজীবী হিসাবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তখন থেকে সুদীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে তিনি আইন পেশায় নিয়োজিত রয়েছেন। এ মানবিক আইনজ্ঞ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি থেকে পেয়েছেন প্রবীণ আইনজীবীর বিরল সম্মাননা।

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আগামী ২৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে নির্ধারিত ৫০টি আসনের মধ্যে ৪৯টি আসনে প্রতিটি আসনের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় নিয়মানুযায়ী মনোনয়নপত্র বৈধ হওয়া অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না সহ ৪৯ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা করা হবে।