আজিজুর রহমান রাজু , ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের রাবার ড্যামের আওতাধীন জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় নিজ হাতে কোদাল নিয়ে খনন কাজেও অংশ নেন এমপি কাজল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,জিয়া খালের পুনঃখননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দূর হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খাল পুনঃখননকে ঘিরে স্থানীয়দের মাঝে দেখা যায় ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস। এলাকাবাসীর আশা, এ প্রকল্প বাস্তবায়নের ফলে দীর্ঘদিনের পানি সংকট ও জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি মিলবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, কৃষি সেচ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম ধাপে ৫৪টি জেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের লক্ষ্যে ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে খাল খনন কর্মসূচি চালু করেন। সে সময় সারা দেশে ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করা হয়েছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি, ঈদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম, সাবেক মেম্বার মোজাম্মেল হকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।