পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদরের সিকদারপাড়া গ্রামে শুরু হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের কাজ। প্রকল্পটি বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, যার মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের পানির কষ্ট লাঘবের আশা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আওতায় সিকদারপাড়া গ্রামের প্রায় ৫০০টি পরিবার সরাসরি বিশুদ্ধ পানির সুবিধা পাবে। বর্তমানে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে, শুধু পেকুয়া নয়, পাশ্ববর্তী চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নেও এ ধরনের বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। একইসঙ্গে পেকুয়া উপজেলার মগনামা, রাজাখালী, বারবাকিয়া ও টইটং ইউনিয়নেও একাধিক প্রকল্পের কাজ চলমান রয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদ পানির আওতায় আনা হচ্ছে। এতে পানিবাহিত রোগ কমে আসবে এবং জনস্বাস্থ্যের উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব ছফওয়ানুল করিম জানান, সরকার উপকূলীয় অঞ্চলের মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের প্রকল্প আরও সম্প্রসারণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে তারা বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন। প্রকল্পটি বাস্তবায়ন হলে তাদের দৈনন্দিন জীবনে স্বস্তি ফিরে আসবে এবং স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমে যাবে।
