সিবিএন ডেস্ক;
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ওসি মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন—উত্তর শীলখালী এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)। তারা সবাই স্থানীয় বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শ্রমিক পাহাড়ের পূর্ব পাশে কাজ করতে গিয়ে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেয়।
নিহত রবির বাবা রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি ছেলের মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের জানান, সকালে স্থানীয়রা পাহাড়ের পাশে তিনটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহতদের মধ্যে একজন তার আত্মীয়। তিনি আরও জানান, আরও দুইজন নিখোঁজ রয়েছে এবং তাদের সন্ধানে খোঁজ চলছে।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
