আজিজুর রহমান রাজু:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া ৫ নম্বর ওয়ার্ডে মৃগী রোগে আক্রান্ত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ জিহাদ (১৮) স্থানীয় বাসিন্দা বেলাল উদ্দিনের ছেলে।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোয়ারের পানি কমে গেলে স্থানীয়রা কালিরছড়া খালে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদ দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং তাঁর চিকিৎসা চলমান ছিল। ধারণা করা হচ্ছে, খাল পারাপারের সময় হঠাৎ খিঁচুনি উঠলে তিনি পানিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের মা জন্মারো বেগম জানান, আসরের সময় ছেলে খালের পাড়ে যাওয়ার কথা ছিল। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ দেখতে পান। তিনি ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের অনুরোধ জানান।
নিহতের মামা মোবারক হোসেন বলেন, মোহাম্মদ জিহাদ দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন এবং খিঁচুনি ওঠার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিফাতুল মাজদার জানান, মোহাম্মদ জিহাদ দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং তাঁর চিকিৎসা চলমান ছিল। খাল পারাপারের সময় অসুস্থ হয়ে পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি মাহমুদুল হাসান মিনার জানান, নিহত যুবক দীর্ঘদিন যাবৎ একটি জটিল রোগে আক্রান্ত ছিলেন। হঠাৎ এ রোগের উপসর্গ দেখা দিলে তাঁকে পরিবার নিয়ন্ত্রণ করতে পারত না। মরদেহ পাওয়ার কিছুক্ষণ আগেও লোকজন তাঁকে দোকানে দেখেছে বলে তিনি জানান। পরিবার এটিকে অসুস্থতাজনিত মৃত্যু বলে দাবি করছে।
