এম. মনছুর আলম, বিশেষ প্রতিবেদক:

সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে হাম-রুবেলা ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন দেলোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আবদুল মোমেন, মেডিকেল অফিসার ডা. মিসকাত উদ্দিন মাহি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম, উপজেলা এমটিইপিআই কর্মকর্তা পলাশ সুশীলসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন বলেন, সারা দেশের মতো চকরিয়ায়ও ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। প্রতিটি শিশুকে এক ডোজ করে টিকা প্রদান নিশ্চিতের মাধ্যমে তাদের সুরক্ষিত রাখতে সরকার এ কার্যক্রম হাতে নিয়েছে।

তিনি জানান, উপজেলা জুড়ে ৪৩৫টি কেন্দ্রে মোট ৮৭ হাজার ৯৩২ শিশুকে এ টিকা প্রদান করা হবে।