সিবিএন ডেস্ক;

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। এর আগে রবিবার (১৯ এপ্রিল) গভীর রাতে শাহপরীরদ্বীপ ও সাবরাং এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শাহপরীরদ্বীপ কোনা পাড়া এলাকার ইসমাইল, দক্ষিণ পাড়ার ফারুক এবং সাবরাং মুন্ডাল ডেইল এলাকার ইব্রাহিম।

ওসি জানান, গত ৯ এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জের কাছে সাগরে ট্রলারডুবির ঘটনায় রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের নিখোঁজ হওয়ার পর স্বজনদের তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের সূত্র ধরে জড়িতদের শনাক্তে কাজ শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মানবপাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান তিনি।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করে বলেন, শাহপরীরদ্বীপ, সাবরাং, টেকনাফ সদর ও বাহারছড়া ইউনিয়নে সক্রিয় মানবপাচার চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনা না গেলে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রার সময় ট্রলারডুবির মতো মর্মান্তিক ঘটনা আবারও ঘটতে পারে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল প্রায় ২৫০ যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়া একটি ট্রলার আন্দামান দ্বীপপুঞ্জের কাছে ডুবে যায়। এতে বহু যাত্রী নিখোঁজ হন। পরে একটি বাংলাদেশি জাহাজ ভাসমান অবস্থায় নারীসহ নয়জনকে উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ আইনে ছয়জন বাংলাদেশির বিরুদ্ধে মামলা করা হয়েছে।