পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলায় যাত্রীবেশে ডেকে নিয়ে এক কিশোর টমটম চালককে অজ্ঞান করে তার ব্যাটারিচালিত গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. জাকের হোছাইন (১৭) পেকুয়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বকসু চৌকিদারপাড়ার বাসিন্দা এবং মো. নেছার উদ্দিনের ছেলে।
অভিযোগ ও পারিবার সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার এলাকা থেকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি যাত্রীবেশে জাকেরের টমটম ভাড়া করে। তারা একই ইউনিয়নের মিয়া পাড়ায় যাওয়ার কথা বলে গাড়িটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে পৌঁছানোর পর চক্রটি পরিকল্পিতভাবে চালক জাকেরকে অজ্ঞান করে ফেলে। এরপর সুযোগ বুঝে তার ব্যাটারিচালিত টমটমটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ছিনতাই হওয়া টমটমটির আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। জাকেরের বাবা মো. নেছার উদ্দিন জানান, ঋণ নিয়ে গাড়িটি কেনা হয়েছিল এবং সেটিই ছিল তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস।
তিনি বলেন, “ছেলের উপার্জনের ওপরই আমাদের সংসার চলতো। এখন গাড়িটা চলে যাওয়ায় আমরা দিশেহারা হয়ে পড়েছি। ঋণের কিস্তি কীভাবে পরিশোধ করবো, বুঝতে পারছি না।”
ঘটনার পর স্থানীয় লোকজন রাস্তার পাশে জাকেরকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
স্বজনরা জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় জাকেরের বাবা মো. নেছার উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পেকুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আমিন জানান, “ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
