সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম:
পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আলীকদম সেনাজোনের মাধ্যমে আয়োজিত “প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ–২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) আলীকদম জোনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র, প্রাথমিক চিকিৎসা সামগ্রী এবং একটি করে ফার্স্ট এইড ব্যাগ বিতরণ করা হয়।
গত ৫ এপ্রিল শুরু হয়ে ১৮ এপ্রিল পর্যন্ত চলা এ প্রশিক্ষণে উপজেলার ২২টি পাড়া থেকে ২৬ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ৯ জন নারী ও ১৭ জন পুরুষ ছিলেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রাথমিক চিকিৎসা, অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ন্ত্রণ, ভাঙা অঙ্গের পরিচর্যা, অচেতন রোগীর সেবা, অগ্নিদগ্ধ ও সাপে কাটা রোগীর চিকিৎসা এবং পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধার-পরবর্তী করণীয় বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সদের পাশাপাশি সেনাবাহিনীর মেডিকেল অফিসাররা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি।
এ সময় তিনি বলেন, জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গীকার। এ ধরনের প্রশিক্ষণ মানুষকে সচেতন করার পাশাপাশি জরুরি মুহূর্তে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর ইসলাম, স্থানীয় চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দুর্গম এলাকায় তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন পাড়ায় স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।
