পেকুয়া প্রতিনিধি;

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদে জেলে কার্ড বিতরণকে কেন্দ্র করে চেয়ারম্যান ও এক ইউপি সদস্যের মধ্যে তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মগনামা ইউনিয়নের ইউপি সদস্য নুর মুহাম্মদ অভিযোগ করেন, জেলে কার্ডের তালিকা প্রণয়নে অনিয়ম ও পক্ষপাতিত্ব করা হয়েছে। তাঁর দাবি, প্রকৃত জেলেদের বাদ দিয়ে পছন্দের লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি তাঁর নিজ ওয়ার্ডে একজন জেলেকেও কার্ড দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

অন্যদিকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম মেনেই কার্ড বিতরণ করা হয়েছে। তিনি দাবি করেন, ইউপি সদস্য নুর মুহাম্মদ অযথা উত্তেজনা সৃষ্টি করে তাঁকে প্রকাশ্যে হেনস্তা করেছেন।

ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।