স্টাফ রিপোর্টার, সিবিএন ;
কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলাভিত্তিক যুব সংগঠন “আলোকবর্তিকা যুব সমবায় সমিতি লিঃ” আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ লাভ করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন সমবায় অধিদপ্তরের কক্সবাজার জেলা সমবায় কার্যালয় থেকে ১৯ এপ্রিল ২০২৬ (রবিবার) তারিখে এ নিবন্ধন সনদ প্রদান করা হয়।
জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল স্বাক্ষরিত সনদ অনুযায়ী, সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩)-এর বিধান অনুসারে সমিতিটি নিবন্ধিত হয়েছে। এর নিবন্ধন নম্বর ২০২৬.১.১৫.২২৩৫.০০২৯।
সমিতির কার্যালয় স্থাপন করা হয়েছে কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার পশ্চিম টেকপাড়া গ্রামে। এর কার্যক্রম এবং সদস্য নির্বাচনী এলাকা ঈদগাঁও উপজেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
একই সঙ্গে নিবন্ধনকালীন প্রথম ব্যবস্থাপনা কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জুনাইদ, সহ-সভাপতি ইমরান বাইতুল, সম্পাদক সালাহ উদ্দিন এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহীম। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন হোসনে মোবারক ও মোহাম্মদ ফারুক মিয়া।
সমবায় সমিতি আইন অনুযায়ী, এই অনুমোদিত ব্যবস্থাপনা কমিটির মেয়াদ দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে সমিতির নিয়ম অনুযায়ী নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
স্থানীয় যুবসমাজের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন নেতৃবৃন্দ।
