সিবিএন ডেস্ক;

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে জারিয়াতুল আদিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার লেমশীখালী ইউনিয়নের ছমিরা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জারিয়াতুল আদিয়া লেমশীখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছমিরা পাড়া এলাকার বাসিন্দা ছাবের আহমদ ও শাহানা বেগমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে খেলতে গিয়ে পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় আদিয়া। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার ভাই ও স্থানীয়রা পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন।

পরে দ্রুত তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কুতুবদিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ওসি মাহবুবুল হক জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।