এম. মনছুর আলম, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১৯ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। ধৃত আসামিদের মধ্যে নারী নির্যাতন, পারিবারিক, বন মামলা, মাদক, চুরি-ডাকাতি, মাছের ঘের দখল এবং দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে চকরিয়া থানা পুলিশের পৃথক টিম অভিযান পরিচালনা করে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাসুম সিদ্দিকীর নেতৃত্বে এসআই শাহেদুল্লাহ, এসআই ফারুক হোসেন, এসআই আরকানুল ইসলাম, এসআই তাপস দাস, এসআই শফিকুল ইসলাম রাজা, এসআই নাছির আহম্মদসহ অন্যান্য কর্মকর্তারা সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ৩ জন, ২ বছরের সাজাপ্রাপ্ত ১ জন, ৬ মাসের সাজাপ্রাপ্ত ১ জন, পরোয়ানাভুক্ত ১০ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত ৪ জনসহ মোট ১৯ জন আসামি রয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—বিএমচর ইউনিয়নের বেতুয়ারকুল এলাকার রিয়াজুল করিম রিয়াজ, দিয়ারচর এলাকার নুরুল আমিন (সোনা মিয়া), চকরিয়া পৌরসভার কসাইপাড়ার মামুন, কাকারা ইউনিয়নের মাশুক আহমদ, উত্তর হারবাং এলাকার কবির আহাম্মদ, মাইজ কাকারা এলাকার জয়নাল আবেদীন, পূর্ব বড় ভেওলার বাদল, ডুলাহাজারা চা-বাগানের গিয়াস উদ্দিন, কোনাখালীর কামরুল হাসান রানা, হারবাং এলাকার মো. ফরিদ, দেলোয়ার হোসেন দিলু (মিস্ত্রি), মোহাম্মদ শফি, মোহাম্মদ মিরান, খুটাখালীর মোহাম্মদ আসিফ মাওলা, উত্তর বিনামারা এলাকার মনছুর আলম, আবু ছাদেক, জাহাঙ্গীর, মহেশখালীর আব্দুস শুকুর ও খাইরুল আমিনসহ অন্যান্যরা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৯ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
