আজিজুর রহমান রাজু:
ঈদগাঁওয়ে অনলাইন সাংবাদিকতার পথচলায় যুক্ত হলো নতুন মাত্রা। ঈদগাঁও বাজারের নিউ মার্কেটের ৩য় তলায় জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্বোধন করা হয়েছে ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের নতুন কার্যালয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকসহ অর্ধশতাধিক অতিথির উপস্থিতিতে পুরো পরিবেশ মুখর হয়ে ওঠে।
প্রেসক্লাবের সভাপতি মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনছুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সিবিএন বার্তার সম্পাদক ইমাম খাইর, টেলিগ্রাম নিউজের সম্পাদক জসিম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুরসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা করা হয়। পরে অতিথিরা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাব বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
উদ্বোধনের মধ্য দিয়ে ঈদগাঁওয়ে অনলাইন সাংবাদিকতার একটি শক্তিশালী প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
