এম. মনছুর আলম, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১৩ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নারী নির্যাতন, পারিবারিক বিরোধ, বন মামলা, মাদক, চুরি-ডাকাতি, মাছের ঘের ও ঘোনা দখল, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপরাধে জড়িত আসামি রয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানা পুলিশের পৃথক দল এসব আসামিকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে চকরিয়া থানা পুলিশের চারটি টিম অভিযান পরিচালনা করে। এ অভিযানে বিভিন্ন মামলায় পলাতক ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সাহেদ, সোহরাব সাকিব, আরকান, নাছির, ইমরুল এবং এএসআই রিমন, আলাউদ্দিন, দেবু মজুমদার ও পল্লবসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা পৃথকভাবে অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—সাহারবিল ইউনিয়নের কোরালখালীর মো. কায়সার (১৮), ইমতিয়াজ (২৫), টুকু মিয়া (৬২), মধ্যম কৈয়ারবিল এলাকার নজরুল ইসলাম ওরফে সুজিব (৪৯), কাকারা এসএমচর এলাকার নুর নাহার বেগম (৩০), বদরখালী বাজার পাড়ার বেলাল উদ্দিন (২৭), চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনার মোশারফ হোসাইন (৩২), পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের জমির উদ্দিন (৩৩), বদরখালীর কুতুবদিয়া পাড়ার সাদ্দাম হোসেন (৩৪), কাকারা সাকের মোহাম্মদ চর এলাকার লিয়াকত আলী (৩৫), সাহারবিল মাইজঘোনা এলাকার সাবের আহম্মদ বাবুল (৫৮), কাসেম আলী মিয়াজী পাড়ার মিনহাজ (২৫) এবং কাকারা এসএমচর এলাকার নুর মোহাম্মদ ভুট্টু (৩৫)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ৩ জন, ৫ বছরের সাজাপ্রাপ্ত ১ জন এবং অন্যান্য পরোয়ানাভুক্ত ৯ জন রয়েছেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”